Main Menu

শেখ হাসিনাকে ফেরানোর আলোচনা কেবল ভারতের সঙ্গেই হবে, তাঁর সঙ্গে নয়: তথ্য উপদেষ্টা

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তাঁর সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো আলোচনার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তাঁর মতে, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে কীভাবে হস্তান্তর করা হবে, সেই সিদ্ধান্ত কেবল বাংলাদেশ ও ভারত সরকারের আলোচনার মাধ্যমেই চূড়ান্ত হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কার্যক্রম ও চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘বিচারিক প্রক্রিয়া শেষে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ড পেয়েছেন। তাঁর বিরুদ্ধে এটি এখন আর প্রাথমিক কোনো অভিযোগ নয়। তাই তিনি বাংলাদেশ বিমানে আসবেন, ভারতের বিমানে আসবেন, নাকি হেঁটে ফিরবেন—সেটি তাঁর ইচ্ছার বিষয় নয়। তাঁকে কীভাবে হস্তান্তর করা হবে, সেই আলোচনা ভারতের সঙ্গে নির্ধারিত হবে।’

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে করে দেশে ফেরার ব্যবস্থা করতে শেখ হাসিনার মুখপাত্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে রয়টার্স। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে রসিকতার সুরে জাহেদ উর রহমান বলেন, ‘ভাগ্যিস তিনি এসে বলছেন না যে তাঁকে আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে হবে! ভারতের কেউ কেউ এখনো তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে দেখেন। আমরা না হয় দাওয়াত কার্ড পাঠিয়ে রাখি, জানি না তিনি তাও চান কি না।’

বিজয় দিবসে ফেরার এই ঘোষণাকে নিজের দলের নেতাকর্মীদের বিভ্রান্ত করার একটি ‘রাজনৈতিক কৌশল’ বা ‘ব্লাফ’ হিসেবে অভিহিত করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘তিনি (শেখ হাসিনা) দেখানোর চেষ্টা করছেন যে তাঁর সিদ্ধান্তে অনেক কিছু ঘটছে। কিন্তু বাস্তবতা হলো, তিনি একজন দণ্ডিত অপরাধী। আমরা যেভাবে চাই, সেভাবেই তাঁকে প্রত্যর্পণ করতে হবে।’

ভারতের পক্ষ থেকে প্রত্যর্পণ প্রক্রিয়ায় যে আইনি জটিলতার কথা বলা হতো, শেখ হাসিনার সাম্প্রতিক ঘোষণার পর সেই বাধাও আর থাকল না বলে মনে করেন জাহেদ উর রহমান। তিনি ব্যাখ্যা করে বলেন, ‘আগে বলা হতো জোর করে পাঠালে তিনি আদালতে গিয়ে আইনি লড়াই চালাতে পারেন। এখন যেহেতু তিনি নিজেই বাংলাদেশে আসতে চাইছেন এবং বাংলাদেশ সরকারও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে, তাই দুই পক্ষের চাওয়া মিলে গেছে। এক্ষেত্রে ভারতের ওপর জোর করে পাঠানোর দায়ও পড়ছে না এবং কোনো আইনি বাধাও থাকার কথা নয়।’ সরকার তাঁকে দেশে আসতে বাধা দিচ্ছে—আওয়ামী লীগের এমন প্রচারণা নাকচ করে তিনি পাল্টা প্রশ্ন রাখেন, সরকার না চাইলে কি বারবার প্রত্যর্পণের দাবি জানাত?

উল্লেখ্য, গত ৯ ও ১৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়ে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন জানায় যুক্তরাজ্যভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স। এর পরপরই ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার কথা জানালেন তিনি।

এদিকে শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমানে ফেরার দাবিকে ‘দুঃস্বপ্ন’ বলে আখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। অপরদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পুনর্ব্যক্ত করেছেন, কোনো বিশেষ পরিবহন পাঠিয়ে নয়, বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে এনে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহতের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *